দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক খুঁটি থেকে চুরি হওয়া ৬৪০ ফুট অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
এ ঘটনায় নেসকো পার্বতীপুর বিদ্যুৎ সরবরাহের উপ-সহকারী প্রকৌশলী হাসিবুর রহমান বাদী হয়ে মঙ্গলবার (২৬ মে) বিকেলে পার্বতীপুর মডেল থানায় মামলা দায়ের করেন। পরে গ্রেপ্তার ব্যক্তিদের বিকেলে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৬টার দিকে উপজেলার হাবড়া চৌপতি বাজার এলাকা থেকে একটি চার্জারভ্যানে থাকা দুটি চটের বস্তাভর্তি ৬৪০ ফুট বৈদ্যুতিক ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া তারের বাজারমূল্য প্রায় ৭১ হাজার টাকা। এ সময় ক্যাবল কাটার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— পার্বতীপুর শহরের গুলপাড়া মহল্লার লিয়াকত আলীর ছেলে শহিদুল ইসলাম (২৪), সরকারপাড়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. সেলিম (৩৫) এবং হলদীবাড়ী নিউ কলোনির মোহাম্মদ আলীর ছেলে মিজানুর রহমান।
বিশ্বস্ত একটি সূত্র জানায়, গত ২৩ এপ্রিল বেলাইচন্ডি ইউনিয়নের সোনাপুকুর, ২৪ এপ্রিল পলাশবাড়ী ইউনিয়নের কালাইঘাটি, পরদিন হলদীবাড়ী মণ্ডল অটো রাইস মিলসংলগ্ন বৈদ্যুতিক লাইন, ২৬ এপ্রিল শহরের ধুপিপাড়া সাবেক শহীদ ময়দান এলাকার বিতরণ ট্রান্সফরমারের ইনকামিং লাইন এবং পোড়াভিটা সংলগ্ন মুশাহারপট্টি শাফি ইটভাটার সামনের লাইন থেকে বৈদ্যুতিক ক্যাবল ও তার চুরি হয়। মামলার এজাহারে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ৬৭ হাজার টাকা উল্লেখ করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, চুরি হওয়া বৈদ্যুতিক অ্যালুমিনিয়াম ক্যাবল উদ্ধারের ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন পরীমনি!