বগুড়ার শিবগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে কাউসার (১০) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের শংকরপুর প্রামানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কাউসার ওই গ্রামের লিটন প্রামানিকের ছেলে। সে মোকামতলা মডার্ন প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
স্থানীয় বাসিন্দা আবু জাফর ইকবাল জানান, কাউসার আগে থেকে মৃগী রোগে আক্রান্ত ছিলো। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসে। পরে অন্যান্য শিশুদের সঙ্গে একসাথে পুকুরে গোসল করতে যায়। গোসল করার সময় হটাৎ মৃগী রোগ শুরু হলে পানিতে ডুবে যায় কাউসার। পরে শিশুরা বিষয়টি তার পরিবারকে জানালে বাসার লোকজন গিয়ে কাউসারের মরদেহ উদ্ধার করে।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাহাবুব ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করি। এ ব্যাপারে কোনো অভিযোগ না পাওয়ায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।