মির্জাপুরে ৫ ড্রেজার ধ্বংস

টাঙ্গাইলের মির্জাপুরে ৫টি অবৈধ ড্রেজার (বালু উত্তোলন যন্ত্র) ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এছাড়া ধ্বংস করা হয়েছে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হওয়া প্রায় ১ হাজার ফিট পাইপ।

বুধবার (১৭ জুন) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে অভিযান পরিচালনা করে এই ড্রেজার ও পাইপগুলো ধ্বংস করা হয়। 

উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা জুবদিল খান জানান, নদী থেকে বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সংবাদ পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম আরিফুল ইসলাম। এ কাজের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় তাদের আইনের আওতায় আনা যায়নি।

ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম।