খুলনায় একটানা বৃষ্টিতে অধিকাংশ সড়ক ও অলিগলিতে পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন জনগণ। বৃষ্টিতে অলিগলিগুলো ছাড়াও প্রধান সড়কগুলো পানিতে থৈ থৈ করছে। অধিকাংশ বাড়ি ও দোকানপাটের নিচতলা ডুবে যায়। গতকাল সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি আজ মঙ্গলবার পর্যন্ত থেমে থেমে চলছে।
এদিকে, অবিরাম বৃষ্টিতে নগরীর অধিকাংশ সড়ক হাঁটু পানিতে ডুবে যায় এবং যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এতে চরম জনদুর্ভোগে পড়তে হয় অফিসগামীসহ সাধারণ মানুষদের।
খোঁজ নিয়ে জানা যায়, সোমবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে নগরীর অধিকাংশ রাস্তাঘাটের ড্রেন উপচে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এর মধ্যে রয়্যাল মোড়, বাইতিপাড়া মোড়, খানজাহান আলী সড়ক, শামসুর রহমান রোড, আহসান আহমেদ রোড, বাস্তুহারা, চানমারী, লবণচরা, টুটপাড়া, এবং মিস্ত্রিপাড়াসহ বেশ কিছু নিম্নাঞ্চল রয়েছে। এরমধ্যে কোথাও কোথাও জমে আছে হাঁটু সমান পানি। ড্রেনের ময়লার পানি রাস্তার উপরে উঠে আসায় সাধারণ মানুষ পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে কর্মজীবী ও নিম্ম আয়ের মানুষেরা।
মো. আব্দুল্লাহ আল কাফিসহ নগরীর অনেক বাসিন্দা জানান, রাস্তায় হাঁটু পানি জমে যাওয়ায় বাসার বাইরে বের হতে পারিনি।
রিকশাচালক আলমাস জোয়াদ্দার বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বাইরে বের হয়নি। মাত্র দু-তিনটি ভাড়া হয়েছে। যা আয় হয়েছে, তা দিয়ে আজকে পাঁচজনের সংসার চালানো যাবে না। খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান বলেন, সোমবার দুপুর ১২টা থেকে মঙ্গলবার দুপুর ১২ টা পর্যন্ত খুলনায় ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা এ বছরের সর্বোচ্চ বৃষ্টি।
একদিনে ১৯ ট্রাক ময়লা অপসারণ করলো নারায়ণগঞ্জ জেলা প্রশাসন
শিশুকে ধর্ষণের বিচার চড়-থাপ্পড়ে