সুনামগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জের পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশু দুটি হলো, বুশরা আক্তার (১০) ও ফাতেহা বেগম (৮)। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।

খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জের পৌর শহরের খাইমতর এলাকা থেকে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামে মামার বাড়িতে বেড়াতে যায় ফাতেহা বেগম। পরে  মঙ্গলবার দুপুরে মামাতো বোন বুশরার সঙ্গে পুকুরে গোসল করতে নামে ফাতেহা। এক পর্যায়ে দুই শিশু পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিকেল ৫ টার দিকে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

সুনামগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়।’