আলকারাজের প্রথম পছন্দ এমা রাদুকানু

কার্লোস আলকারাজ যখন ইউএস ওপেনের নতুন আঙ্গিকের মিশ্র দ্বৈত চ্যাম্পিয়নশিপে অংশ নিতে রাজি হলেন, পার্টনার হিসেবে তার মনে প্রথম যে নামটি এসেছিল সেটি হলো এমা রাদুকানু।

মঙ্গলবার টুর্নামেন্ট কর্তৃপক্ষ নতুন এই ফরম্যাটের জন্য ১৬টি জুটির নাম ঘোষণা করে। এই তালিকায় ইয়ানিক সিনার, নোভাক জকোভিচ, আরিনা সাবালেঙ্কা এবং ইগা সোয়ানতের মতো তারকাদের নামও রয়েছে। ফ্রেঞ্চ ওপেন জয়ী আলকারাজ বৃটেনে কুইনস টুর্নামেন্টে মঙ্গলবার অ্যাডাম ওয়ালটনকে ৬-৪, ৭-৬ গেমে হারানোর পর বলেন, 'আমি ভেবেছিলাম এমা ছাড়া এর চেয়ে ভালো খেলা সম্ভব নয়। আমি কেবল এমাকে জিজ্ঞেস করেছি সে আমার সাথে জুটি বাধতে কিনা – আমি এই বিশেষ অনুরোধটি করেছিলাম।'

যদিও রাদুকানু তাৎক্ষণিক সম্মতি দেননি। আলকারাজ হেসে বলেন, "সে একটু সময় নিয়েছিল। খুব বেশি না, তবে তাকে কিছুটা ভাবতে হয়েছিল। এক মিনিটের মধ্যে হয়নি।" উৎসাহী ভক্তরা এখনই এই জুটির নাম দিয়েছে "আলকারানু"। 

পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম একত শিরোপা জেতা আলকারাজ নিজের পছন্দমতো যেকোনো খেলোয়াড়কে বেছে নিতে পারতেন, কিন্তু তিনি রাদুকানুর সঙ্গেই খেলতে চেয়েছিলেন। রাদুকানু ২০১৮ সালে ১৮ বছর বয়সী কোয়ালিফায়ার হিসেবে ইউএস ওপেন নারী এককের শিরোপা জিতেছিলেন। আলকারাজ বলেন, "সে বস হবে। আমি এমাকে অনেক দিন ধরে চিনি এবং তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আমরা জেতার চেষ্টা করব। তবে এটা সত্যিই খুব উপভোগ্য হবে।"

ইউএস ওপেনের এককের ড্রয়ের বাছাই পর্ব শুরুর আগেই ১৯ ও ২০ আগস্ট আর্থার অ্যাশ এবং লুই আর্মস্ট্রং কোর্টে মিশ্র দ্বৈতের চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে। স্কোরিং সিস্টেমেও পরিবর্তন আনা হয়েছে। এখন সেটগুলো চার গেমে খেলা হবে। ৪-৪ এ টাই-ব্রেক হবে এবং তৃতীয় সেটের পরিবর্তে ১০ পয়েন্টের টাই-ব্রেক খেলা হবে। ফাইনাল একই থাকবে, তবে ছয় গেমের সেট হবে। বিজয়ীরা ১ মিলিয়ন ডলার পুরস্কার পাবে।