জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) মানেই ছিল কেবল চার দিনের ক্রিকেট। তবে গত বছর প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে মাঠে গড়ায় এনসিএলের নতুন সংস্করণ। সিলেটের সবুজ গালিচায় অনুষ্ঠিত সেই আসরে জমজমাট লড়াই, হাইভোল্টেজ ম্যাচ আর চমকপ্রদ পারফরম্যান্সে ভক্ত-সমর্থকদের মন জয় করে নেয় এই নতুন আয়োজন।
চলতি বছরেও সেই রোমাঞ্চকর আসর দেখতে আগ্রহী ছিলেন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক পর্যন্ত সবাই। অবশেষে সুখবর এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের দ্বিতীয় আসর। যদিও নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রোগ্রামের চিফ কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদিন নান্নু।
এবারের আসরে থাকছে আরও কিছু নতুনত্ব। গেলবার যেখানে শুধুমাত্র সিলেটেই গড়িয়েছিল সব ম্যাচ, এবার তার সঙ্গে যুক্ত হচ্ছে ঢাকা ও চট্টগ্রামের স্টেডিয়ামও। ফলে প্রথমবারের চেয়ে আরও বড় পরিসরে, আরও ব্যাপকভাবে আয়োজন করা হবে এবারের এনসিএল টি-টোয়েন্টি।
গত বছর অংশ নিয়েছিল দেশের আটটি বিভাগীয় দল, এবারও সেই কাঠামোই বজায় থাকছে। আর সবচেয়ে বড় ব্যাপার, গেল বছর থেকেই এনসিএল টি-টোয়েন্টি আইসিসির ‘স্বীকৃত টি-টোয়েন্টি’ টুর্নামেন্ট হিসেবে মর্যাদা পেয়েছে। ফলে এর গুরুত্ব অনেক বেড়ে গেছে।
বিপিএলের আগে দেশি ক্রিকেটারদের জন্য এই আসর হয়ে উঠেছে একরকম প্রস্তুতির মঞ্চ। ভালো পারফরম্যান্স করলে বিপিএলে দল পাওয়ার সুযোগ যেমন তৈরি হয়, তেমনি জাতীয় দলের রাডারেও চলে আসার সম্ভাবনা থাকে। সব মিলিয়ে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি হয়ে উঠতে পারে দেশের ক্রিকেটারদের আত্মপ্রকাশের আরেকটি উজ্জ্বল প্ল্যাটফর্ম।
কোহলি মাঠে নামলেই একটা যুদ্ধের আবহ তৈরি হয়: বেন স্টোকস
ফ্লুমিনেন্সে যোগদানের সম্ভাবনা বাতিল, ইউরোপে ফিরবেন নেইমার!