বগুড়ায় যুবলীগ নেতার সহযোগী গ্রেপ্তার

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশিষ পোদ্দার লিটনের ডানহাত ও পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) ভোর রাতে শহরের উত্তর চেলোপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বেলা সাড়ে ১২টার দিকে বগুড়ার ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হৃদয় শহরের উত্তর চেলোপাড়ার মৃত আলমের ছেলে ও এলাকায় দাদন ব্যবসায়ি হৃদয় নামে পরিচিত।

ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান হৃদয় ওরফে হৃদয় ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তিনি বিগত সময়ে বগুড়া জেলা যুবলীগ সভাপতি শুভাশিষ পোদ্দার  লিটন পোদ্দারের রাজনৈতিক প্রভাবে এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিল। তার নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তারসহ চাঁদাবাজি, জমি দখল, বালু সিন্ডিকেট, মাদক ব্যবসা, সুদের কারবারসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিলো। তার বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ১০ টির অধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গেপ্তারকৃত হৃদয় ব্যাপারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।