রাজবাড়ীতে বিক্রয়কর্মী নিখোঁজ

রাজবাড়ীতে কাজে গিয়ে রাসেল মন্ডল (২৪) নামে এক বিক্রয় কর্মী নিখোঁজ হয়েছেন।  বুধবার (১৭ জুন) সকাল ৭টার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন রাসেল। এই ঘটনায় নিখোঁজের বাবা রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। 

নিখোঁজ রাসেল রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বড়লক্ষীপুর গ্রামের উজ্জল মন্ডলের ছেলে। তিনি রাজবাড়ী আখতার স্টোর নামে একটি প্রতিষ্ঠানে বিক্রয় কর্মী হিসেবে কাজ করতো।

রাসেলের পরিবার জানায়, প্রায় মাস খানেক আগে রাজবাড়ী শহরের আখতার স্টোর নামে একটি প্রতিষ্ঠানে বিক্রয়কর্মী হিসেবে চাকরি নেন রাসেল। এরপর থেকেই প্রতিদিন সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হন। ফেরে রাত ১২ টার দিকে। বুধবার ট্রেনে যাওয়ার উদ্দেশ্যে সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হয়। রাত ১০টার দিকে রাসেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তারপর থেকে আত্মীয় স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। পরে কোথাও না পাওয়া গেলে রাতে রাসেলের বাবা উজ্জল মন্ডল রাজবাড়ী সদর থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, বিক্রয়কর্মী নিখোঁজের ঘটনায় পরিবার মঙ্গলবার রাতে থানায় এসেছিল। আমি তাদেরকে নিখোঁজের ছবিসহ লিখিত অভিযোগ দিতে বলেছি। এখন পর্র্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।