যত ভালোবাসি তত একা হয়ে যাই
১
পাহাড় যত উঁচু হয়, তত একা হয়ে যায়!
এমন চূড়ায় ওঠে, যেই না ধরতে যাই
মনের গতির মতো জীবন তখন
বিচলিত আকাশ, অসীমে চলে যায়...
২
প্রজ্ঞা যত বড়, মানুষ তত নিঃসঙ্গ!
প্রেম তো প্রজ্ঞার মতো চলে
যেভাবে শব্দ বাক্য নিয়ে খেলে, আর
বাক্য মাত্রই বিচ্ছেদ ভালোবাসে
সেভাবেই অবিচ্ছেদ্য ভাবে, বারবার
তোমারই সঙ্গে দোলে টলমলে ভাষা!
৩
যত কাছে আসো, তত তোমাকে হারাই!
যেভাবে হারালে সমস্ত পৃথিবী
অনন্ত নগরে হয়ে ওঠে তুমিময়
যত দূরে যাও তত পুলকিত দিন
সঙ্গম-গহিন গহ্বরে একাকী ঘোরে
শেষ চিহ্ন
যেদিকে তাকাই শুধু পিছু নেয় স্মৃতি
পদচ্ছাপ
স্পর্শ
রঙিন সুতোর চিহ্ন
আলতো হাতের ছোঁয়া
শুধুই ধুলোর রেখা ভিন্ন।
যেদিকে যাই, সেদিকের ধূসর ছায়ায়
কেবলি তোমার হৃদয় আবছা দেখা যায়।
রহস্যের মুখোমুখি
দাঁড়াও
সম্মুখে তাকাও
বল তো
আকাশ কত দূর?
যতটুকু গেলে ফেরে না হৃদয়
ঠিক তার বেশি নয়!
দাঁড়াও
ভেতরে তাকাও
দেখো তো
কোথায় হারালো মন?
রহস্য ঘুমায় সেখানে, তারপর
একধাপ নিচে
জেগে আছে যেখানে অসমাপ্ত জীবন!
দৃষ্টি
ভগাঙ্কুর যুগ থেকে আমি তোমাকেই দেখি
যুগল পাতার খুব কাছে ফুটে আছ দৃষ্টি
স্পর্শ করি শুধু শব্দের অন্তর, বাক্যের বিরতি
যা অব্যক্ত, তা যেন তিক্ত রসে সিক্ত বেদনা
বাসনার মতো শ্বাস, আরাধ্য স্তনের প্রকরণে
একদিন ভেদ করে ওঠে সুখ, দীপ্তিময় বিন্দু
প্রেমের অজানা যা, তাই তো অপার অনুভূতি
যেন শব্দ আর পৃথিবীর মধ্যে শুয়ে আছে অর্থ
যখন তোমার মুখে ও দুচোখে নতুন মুহূর্ত
জীবন লুকিয়ে থাকে গুপ্ত শস্যদানার ভেতর
অমৃত্যু অবধি যে গোলক ধাঁধা খেলে অবিরল
তলে থাকা তার মনোচিহ্ন যেন আশ্চর্য-ভূগোল
নতুন অন্তঃসত্ত্বার গান
বসন্তের শেষ বাতাসে যদি তুমি আসো লগ্ন
যদি ভালোবাসো তুলতুলে কোমল জোছনা
তবে তুমি স্বপ্নে গিলে খাবে হারানোর ভয়।
বোশেখের দহন খরায় যদি মেলে ধরো পথ
যদি পদচ্ছাপ থেকে তুলো রাখো ক্ষতের চিহ্ন
তবে তুমি তীর্থযাত্রী বেশে সমর্পণ করো মন।
বর্ষার প্রথম জলে যদি ডুবিয়ে ফেলো দুচোখ
যদি দৃষ্টির বিমূর্ত রেখায় জ্বলে ওঠে পল্কাসূর্য
তবে তুমি আলোর ভেতর খুঁজে পাবে ভোর।
শরতের রাতে যদি তুমি হাঁটো অবলা ছায়ায়
যদি ডাহুকের কণ্ঠস্বর থেকে জন্ম নেয় ব্যথা
তবে সুখেরও একধাপ নিচে রেখেছো জীবন।
হেমন্তের বীজে যদি থাকে গুপ্ত মুখের আকার
যদি অবয়ব ভেদ করে জাগে জন্মের আকুতি
তবে তুমি শুনতে পাবেই বাঁক ফেরানোর ডাক।
শীতের সশস্ত্র হিমে যদি মিলে সঙ্গমের ওম
যদি সপ্তম প্রহরে ঢেউ তোলে ঘুঘুর কম্পন
তবে তুমি ছিলে সুপ্ত পৃথিবীর অব্যক্ত সন্তান।
আলিঙ্গন মাত্র ভাষার মিলন, বিরতির টান
ঋতু যদি দেহ হয় সুপ্তরিপু তার অনঙ্গ সন্তান
প্রেমের আরেক নাম নতুন অন্তঃসত্ত্বার গান।