রামোসে মুগ্ধ মেক্সিকো, স্তব্ধ ইন্তার

ফিফা ক্লাব বিশ্বকাপের গ্রুপ ‘ই’র হাইভোল্টেজ ম্যাচে ইউরোপের অন্যতম শক্তিশালী ক্লাব ও চ্যাম্পিয়নস লিগ রানার্সআপ ইন্তার মিলানকে ১-১ গোলে রুখে দিয়েছে মেক্সিকোর ক্লাব মনটেরে। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামের এই ম্যাচে মাঠের অধিকাংশ আলো কেড়ে নেন অভিজ্ঞ স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। যার দুর্দান্ত এক হেডারে মেক্সিকোর ক্লাবটি এগিয়ে যায় প্রথমার্ধেই।

২৫তম মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে ইন্তার মিলানের ডিফেন্ডারদের চমকে দেন ৩৯ বছর বয়সী রামোস। গোলে পরিপূর্ণ উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় জড়ো হওয়া মনটেরে সমর্থকরা। তবে ৪২তম মিনিটে কার্লোস অগাস্তুর বাড়ানো বলে কাছ থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান ইন্তারের আর্জেন্টাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। দুর্দান্ত দলীয় সমন্বয়ে তৈরি হওয়া এই গোলটি ছিল নিখুঁত। তবুও ম্যাচের পর সবচেয়ে বেশি আলো কাড়ে রামোসের গোল এবং তার পরবর্তী উদযাপন। ম্যাচ শেষে মনটেরে অধিনায়ক রামোস বলেন, ‘গোল করে দলকে সাহায্য করতে পারা সবসময়ই আনন্দের। তবে যদি পয়েন্টও পাওয়া যায়, সেটা তো আরও ভালো। আমরা দল হিসেবে খুব ভালো খেলেছি। ফুটবলে অবশ্য গোলটাই হাইলাইট হয়ে যায়, কিন্তু আমরা এখানে অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছি।’

দ্বিতীয়ার্ধে দুদলই বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। ৬৮তম মিনিটে দ্বিতীয় দফায় মনটেরের জাল খুঁজে পান মার্তিনেজ। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয় সেই গোল। ম্যাচের শেষ দিকে তারা যথেষ্ট এনার্জি ধরে রাখতে পারেননি বলে জানান রামোস, ‘আমরা বেশ কিছু সুযোগ তৈরি করেছি, কিন্তু ম্যাচের শেষ ভাগে আমাদের শক্তির ঘাটতি ছিল।’ এই ড্রয়ের ফলে মনটেরে ও ইন্তার মিলান উভয়েই এক পয়েন্ট করে পেয়েছে। গ্রুপের শীর্ষে রয়েছে রিভার প্লেট। সিয়াটলে অনুষ্ঠিত নিজেদের প্রথম ম্যাচে জাপানের উরাওয়া রেড ডায়মন্ডসকে ৩-১ গোলে হারিয়েছে আর্জেন্টিনার ক্লাবটি। রিভার প্লেটের হয়ে ১২তম মিনিটে জাল খোলেন ফাকুন্দো কোলিদিও। দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেবাস্তিয়ান দ্রিউসি। এই গোলটি করার সময় চোটগ্রস্ত হন দ্রিউসি। অবস্থা মারাত্মক হওয়ায় মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন। উরাওয়ার হয়ে ইউসুকে মাতসুও ৫৮তম মিনিটে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন। তবে ম্যাচের ৭৩ মিনিটে ম্যাক্সিমিলিয়ানো মেজার শেষ গোলটি কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।

এছাড়া গ্রুপ ‘এফ’ এর ম্যাচে নিউ জার্সিতেব্রাজিলের ফ্লুমিনেন্স ও জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড গোলশূন্য ড্র করেছে। অন্যদিকে ফ্লোরিডার অরল্যান্ডোতে দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস ১-০ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়ার উলসান এইচডিকে। ম্যাচের একমাত্র গোলটি আসে ইকরাম রেইনার্সের পা থেকে, ৩৬তম মিনিটে।