বকশীগঞ্জে অ্যান্টিভেনম না থাকায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সাপের কামড়ে আবু সাঈদ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বুধবার (১৮ জুন) দুপুরের দিকে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের দিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু সাঈদ ওই এলাকার সাদা মিয়ার ছেলে।

জানা গেছে, শিশু আবু সাঈদ প্রতিদিনের মতো বাড়ির পাশে খেলা করছিলো। এ সময় হঠাৎ একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। শিশুটি তখন চিৎকার দিলে পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অ্যান্টিভেনম না থাকায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। জরুরি চিকিৎসার অ্যান্টিভেনম উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রে না থাকা, এটি চরম অবহেলা বলে মনে করছেন স্থানীয়রা।

ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফর্সা জানান, অ্যান্টিভেনম না থাকায় সময়মতো চিকিৎসার অভাবে শিশুটির মৃত্যু হয়।