লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে বিপদগ্রস্ত অবস্থায় থাকা ১২৩ জন বাংলাদেশি অভিবাসীকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। স্থানীয় সময় বুধবার (১৮ জুন) বিকেল ৬টা ২৫ মিনিটে তারা ত্রিপলীর মিতিগা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। আজ (১৯ জুন) সকাল সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী এক বিবৃতিতে জানিয়েছে, দূতাবাসের ধারাবাহিক ও নিবিড় প্রচেষ্টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহায়তায় তাদের দেশে ফেরত পাঠানো হচ্ছে। ফ্লাইটটি পরিচালনা করছে বুরাক এয়ার।
দূতাবাস জানায়, ফেরত আসা অভিবাসীদের বেশিরভাগই ত্রিপলী ও এর আশপাশের শহরগুলোতে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। তাদের মধ্যে ২৩ জন রয়েছেন শারীরিকভাবে অসুস্থ, যাদের চিকিৎসা ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছিল।
এদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল কিংবা বৈধ কাগজপত্র না থাকায় লিবিয়া থেকে ফেরত পাঠানো ছিল চ্যালেঞ্জিং। এ কারণে দূতাবাস কর্তৃপক্ষকে নতুন পাসপোর্ট বা আউটপাস ইস্যু করে লিবিয়া সরকারের কাছ থেকে বহির্গমন ভিসা (খুরুজ) সংগ্রহ করতে হয়েছে, যা একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়া ছিল।
বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানান, অভিবাসীদের মানবিক বিবেচনায় দ্রুত দেশে ফিরিয়ে আনার এ উদ্যোগ অব্যাহত থাকবে।