ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে রীতিমতো অস্থির হয়ে উঠেছে পুরো ইসরায়েল। আকাশে বিস্ফোরণের শব্দ আর সাইরেনের তীব্র শব্দে ভীত হয়ে পড়ছে সাধারণ মানুষ। এই আতঙ্কেরই এক বাস্তব উদাহরণ ঘটেছে তেলআবিবের উপকণ্ঠে পেতাহ টিকভা শহরে।
গতকাল বুধবার সকালে শহরটির একটি রাস্তায় চলন্ত একটি যাত্রীবাহী বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সোজা গিয়ে ধাক্কা মারে একটি আবাসিক ভবনে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বাসচালক আকাশে ক্ষেপণাস্ত্রের ধোঁয়া আর সাইরেনের শব্দে চরম আতঙ্কে পড়ে দিশেহারা হয়ে পড়েন। ফলে এই দুর্ঘটনা ঘটে।
বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে ভবনের নিচতলার দেয়াল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। এতে কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রসঙ্গত, ইসরায়েলের সামরিক আগ্রাসনের জবাবে ১৩ জুন থেকে একাধিক ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’-এর ব্যবহার, যা ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা স্থাপনাগুলিতে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে বলে দাবি করছে তেহরান।
বাড়তে থাকা হামলা আর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরাইলে জনজীবনে নেমে এসেছে ভয়ের ছায়া। যুদ্ধ পরিস্থিতি যেন এখন শুধু সীমান্তে নয়, ছড়িয়ে পড়েছে শহরের প্রতিটি কোণে।
ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন বৃষ্টিতে কাঁপছে ইসরায়েল