মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন ইরানের বিরুদ্ধে সামরিক হামলার প্রস্তুতির খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজ। অজ্ঞাত সূত্রের বরাতে তারা জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর জন্য অবকাঠামো প্রস্তুত করছে।
খবরে বলা হয়, ফেডারেল সরকারের মুষ্টিমেয় শীর্ষ সংস্থা ইতিমধ্যেই সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনকি সপ্তাহান্তেই হামলার সম্ভাব্য পরিকল্পনা থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে কয়েকটি মহল থেকে। যদিও পরিস্থিতি এখনও বিকাশমান এবং শেষ মুহূর্তে সিদ্ধান্তে পরিবর্তন আসতে পারে বলেও মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
এর আগে ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে সামরিক পদক্ষেপের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়নি। ট্রাম্প নিজের উপদেষ্টাদের জানিয়েছেন, তেহরান শেষ মুহূর্তে কোনো সমঝোতায় আসে কিনা, তা দেখার জন্যই কিছুটা সময় নেওয়া হচ্ছে।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ইরানের ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। পাহাড়ের গভীরে অবস্থিত এই কেন্দ্রটিকে ধ্বংস করতে কেবলমাত্র সবচেয়ে শক্তিশালী বোমার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা।
ইরানের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি। তবে দেশটির সর্বোচ্চ নেতা আগেই জানিয়ে দিয়েছেন, সামরিক হস্তক্ষেপের পরিণতি ভয়াবহ হবে এবং তেহরান আত্মসমর্পণ করবে না।