অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারতের মতো দলগুলো প্রায়ই টেস্ট শুরুর আগের দিন একাদশ ঘোষণা করে দেয়। এটা যেন অনেকটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। এবার ইংল্যান্ড তো ভারতের বিপক্ষে মাঠে নামার ৪৮ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে। আগামীকাল ২০ জুন থেকে হেডিংলেতে শুরু হবে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টের জন্য একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড।
ইংল্যান্ডের প্রথম টেস্টের দলে তেমন কোনো চমক নেই। ইনিংস শুরুর দায়িত্বে থাকছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। গত বছর ফর্মে না থাকায় তিন নম্বর পজিশন হারানো ওলি পোপ ওয়ান ডাউনেই নামবেন। নিউজিল্যান্ডের বিপক্ষে তার জায়গায় তিন নম্বরে খেলানো হয়েছিল জ্যাকব বেথেলকে। তবে বেথেল আইপিএলে ব্যস্ত থাকায় গত মাসে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টেও তিন নম্বরে ব্যাট করেছিলেন পোপ।
ব্যাটিং অর্ডারের পরবর্তী পজিশনগুলোতে খেলবেন যথাক্রমে- জো রুট, হ্যারি ব্রুক, অধিনায়ক বেন স্টোকস এবং সাত নম্বরে খেলবেন উইকেটকিপার জেমি স্মিথ। চার বিশেষজ্ঞ বোলারের মধ্যে একমাত্র স্পিনার হিসেবে আছেন শোয়েব বশির। এছাড়া পেস আক্রমণে থাকছেন ক্রিস ওকস, ব্রাইডন ক্রিজ এবং জশ টং। চোটের কারণে নেই মার্ক উড, গাস অ্যাকটিনসন, জোফ্রা আর্চারের মতো বোলাররা। তাই ব্যাটিংয়েই জোর দিয়েছে ইংল্যান্ড।
প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন ক্রিজ, জশ টঙ্গ, শোয়েব বশির।