দলে স্পিনার নেই, তাই আগেভাগেই শেষ দিনের খেলা

আপডেট : ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ পিএম

ওভাল টেস্ট প্রথম দিন থেকেই উত্তাপ ছড়াচ্ছে। ভারত ও ইংল্যান্ড দুই দলের ক্রিকেটাররা বাদানুবাদে জড়াচ্ছেন, এমনকী আম্পায়ারদের সাথেও লেগে যাচ্ছে ক্রিকেটারদের। গতকাল শুক্রবার ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে। ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপের কারণেই এই সিদ্ধান্ত হয়েছিল। তবে পোপের সিদ্ধান্ত ঠিক না বেঠিক- এ বিষয়ে ক্রিকেটবোদ্ধারা দুই ভাগে বিভক্ত।

প্রথম দিনের খেলার একটা বড় অংশ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ওভার শেষ করতে দ্বিতীয় দিনও খেলার সময় বাড়ানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের আগেই আলো কমে এলে আম্পায়ার কুমার ধর্মসেনা পোপকে প্রস্তাব দেন স্পিনারদের দিয়ে বল করাতে। তাহলে নির্ধারিত সময় পর্যন্ত খেলা চালানো সম্ভব হবে। নিয়মানুযায়ী আলো কমে এলে পেসারদের সামলানো কঠিন, তাই এক্ষেত্রে বোলিং দলকে আম্পায়ার প্রস্তাব দিয়ে থাকেন স্পিনার দিয়ে বল করানোর।

তবে গতকাল ধর্মসেনার প্রস্তাবে রাজি হননি ওলি পোপ। তিনি স্পষ্ট করে বলেন, ‘আমাদের দলে বিশেষজ্ঞ স্পিনার নেই। তাই স্পিনারকে দিয়ে বোলিং করাব না, পেসার দিয়েই করাতে হবে।’ ইংলিশ অধিনায়কের কথা শুনে ধর্মসেনা বলেন, ‘তাহলে এখানেই খেলা বন্ধ করতে হবে।’ এরপর তিনি ভারতীয় ব্যাটারদের মাঠ ছাড়ার নির্দেশ দেন। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই দিনের খেলা শেষ হয়ে যায়।

ওলি পোপের সিদ্ধান্ত নিয়ে দুইরকম মতামত শোনা যাচ্ছে। ম্যাচে ধারাভাষ্য দেওয়া চেতেশ্বর পুজারার মতে, নিজেদের পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছেন পোপ। তাদের দলে বিশেষজ্ঞ স্পিনার নেই। তাই পোপ আর খেলা চালিয়ে যেতে চাননি। কিন্তু আরেক ধারাভাষ্যকার মাইক আথারটন মনে করেন, ওই ১৫ মিনিট জো রুট বা জেকব বেথেলকে দিয়ে বোলিং করাতে পারতেন রুট। ভারত যেহেতু নাইটওয়াচম্যান খেলাচ্ছিল, তাই উইকেট পাওয়ার সুযোগও পেত ইংল্যান্ড।

উল্লেখ্য, ওভাল টেস্টের প্রথম ইনিংসে ২২৪ রানে অল-আউট হয় ভারত। জবাবে ইংল্যান্ডও নিজেদের প্রথম ইনিংসে ২৪৭ রানের বেশি করতে পারেনি। ভারত গতকাল ২ উইকেট ৭৫ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল। আজ তারা ৫২ রানে এগিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে। এখন দেখার, স্বাগতিকদের সামনে তারা কত রানের টার্গেট দিতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত