রাজবাড়ীতে পাওনা টাকার জন্য শশুরকে গাছে বেঁধে নির্যাতন

রাজবাড়ীর পাংশায় পাওনা টাকার জন্য শশুরকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে জামাইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

নির্যাতিত শশুরের নাম সাইদুল প্রামানিক (৫০)। তিনি উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামের বাসিন্দা। 

আটকৃতরা হলেন- সাইদুল প্রামানিকের জামাই দাউদ মণ্ডল, দাউদ মণ্ডলের বাবা মিজান মণ্ডল ও ভাই নাজমুল মণ্ডল। তাদের সকলের বাড়ি একই ইউনিয়নের সমসপুর গ্রামে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইদুল প্রামানিকের বড় মেয়ের সঙ্গে দাউদ মণ্ডলের বিয়ে হয় প্রায় ৭ বছর আগে। তবে, বি‌য়ের আগে শ্বশুর সাইদুল প্রামানিক জামাই দাউদ মণ্ডলের কাছ থেকে জমি লিজ দেওয়ার কথা বলে এক লাখ টাকা অগ্রিম নেন। কিন্তু জমি হস্তান্তর না হওয়ায় পরবর্তীতে দাউদ টাকা ফেরত চায়। এ সময় সাইদুল এক মাস সময় চান। কিন্তু দীর্ঘ ৮ বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি তিনি। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে বিচার-সালিশ হলেও কোনও সুরাহা হয়নি। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগী সাইদুল প্রামানিককে উদ্ধার করি। অভিযুক্ত জামাই দাউদ মণ্ডল, তার বাবা মিজান মণ্ডল ও ভাই নাজমুল মণ্ডলকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়েছে। ঘটনার পেছনে পারিবারিক আর্থিক বিরোধ থাকলেও প্রকাশ্যে কাউকে গাছে বেঁধে নির্যাতন করা ফৌজদারি অপরাধ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।