সিলেট সীমান্তে

নববিবাহিত যুবকের লাশ ঝুলছে ভারতের গাছে!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে বাংলাদেশি এক যুবকের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। ওই যুবকের নাম জাকারিয়া আহমদ (২৩)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্ত এলাকার লামা গ্রামের মো. আলা উদ্দিনের ছেলে। জাকারিয়া মাত্র ৩ দিন আগে বিয়ে করেন। 

বৃহস্পতিবার (১৯ জুন) ভোরে তিনি বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। দুপুরে সীমান্তের ১২৫৭ নম্বর পিলার এলাকায় ভারতের অভ্যন্তরে একটি গাছে তার লাশ ঝুলতে দেখেন স্থানীয়রা। বিষয়টি বিজিবি ও পুলিশকে জানানো হয়। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ ফেরত আনার বিষয়ে বিজিবির সঙ্গে কথা হয়েছে। যেহেতু লাশটি ভারতের প্রায় ২৫ গজ অভ্যন্তরে তাই লাশ উদ্ধারে আইনি জটিলতা রয়েছে। বিজিবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবে। লাশ দেশে আনার পর ময়নাতদন্তে বুঝা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।      

জাকারিয়ার পরিবারসূত্র জানায়, গত সোমবার জাকারিয়া বিয়ে করেন। বৃহস্পতিবার ভোরে তিনি ঘর থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। দুপুরে সীমান্তের ওপারে একটি গাছে তার লাশ ঝুলে থাকার বিষয়টি জানাজানি হয়।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান জানান, নিহত ব্যক্তির বাড়ি ভারত সীমান্ত এলাকায়। যেখানে তার লাশ ঝুলছে সেখান থেকে তার বাড়ি প্রায় আধা কিলোমিটার দূরে। লাশটি ভারতের প্রায় ২৫ গজ অভ্যন্তরে রয়েছে। তাই যথাযথ প্রক্রিয়া মেনে বিজিবি লাশটি উদ্ধার করবে।