পুলিশকে ছুরি মেরে পালানো আসামি গ্রেপ্তার

বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামি মুরাদুন্নবী নিশানকে (২৭) ধরতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনার পাঁচ দিন পর গত বুধবার রাত ৩টার দিকে ডিবি পুলিশের বিশেষ অভিযানে জেলার সোনাতলার নওদাবগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান। এর আগে গত রবিবার বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় সাজাপ্রাপ্ত আসামি নিশানকে গ্রেপ্তার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলা চালানো হয়।

গ্রেপ্তার আসামি মুরাদুন্নবী নিশান বগুড়া সদর উপজেলার ঝোপগাড়ি (ওলির বাজার) এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে মাদক, অপহরণ, চুরি, সন্ত্রাসী কার্যক্রমসহ অন্তত পাঁচটি মামলা আদালতে বিচারাধীন। আসামির হামলায় আহতরা হলেন উপশহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) জাহাঙ্গীর আলম (৪২) ও কনস্টেবল মো. মানিকুজ্জামান (৪৫)। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, গতকাল দুপুরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।