কুমিল্লার বরুড়া উপজেলার আরিফপুর গ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লিমা আক্তার (২৪) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তিনি প্রয়াত মোবারক হোসেন ভূঁইয়ার কনিষ্ঠ কন্যা এবং দাউদকান্দির গৌরিপুর পালপাড়া গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্র জানায়, গত ১৩ জুন শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হলে লিমাকে প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে কুমিল্লা ট্রমা হসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তিনি মারা যান।
আজ শুক্রবার সকালে লিমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর বাবার বাড়ি বরুড়ার আরিফপুর গ্রামে। বাদ জোহর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে তাঁর স্বামীর বাড়ি গৌরিপুর পালপাড়ায়।
স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানসহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। লিমা-আরিফ দম্পতির ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে (২০২৫ সালে) জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। জ্বর হলে অবহেলা না করে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করালে সময়মতো চিকিৎসা গ্রহণ সম্ভব হয়।’