পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশকে সোনা এনে দিলেন আব্দুর রহমান আলিফ। আজ সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশের আলিফ ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন জাপানের গাকুতো মিয়াটারকে। এশিয়ান আর্চারিতে ৬ বছর পর সোনা জিতল বাংলাদেশ।
প্রথম সেটে আলিফ ২৮ স্কোর করেন। ২৭ পয়েন্ট গাকুতোর। দ্বিতীয় সেটে আলিফ ২৯ আর জাপানি আরচ্যার ২৮ করলে বাংলাদেশের সোনার সম্ভাবনা বাড়ে। পরের দুই সেটের একটি জিতলে শেষ সেট প্রয়োজন হতো না। বাংলাদেশের আরচার আলিফ তৃতীয় ও চতুর্থ সেট হারেন। গাকুতোর ২৮ ও ২৭ স্কোরের বিপরীতে আলিফ করেন ২৭ ও ২৬। ফলে ৪-৪ সেট পয়েন্টে সমতা আসে।
পঞ্চম ও শেষ সেট শিরোপা নির্ধারণীতে পরিণত হয়। আলিফ শেষ সেটে ৩০ এর মধ্যে ২৯ পয়েন্ট সংগ্রহ করেন। জাপানি গাকুতো মিয়াটা ২৬ পয়েন্ট পেলে আলিফ শেষ সেট জেতেন। এতে ৬-৪ সেট পয়েন্টে রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের স্বর্ণ নিশ্চিত হয়।
আলিফ বাংলাদেশের উদীয়মান রিকার্ভ আরচার। বিকেএসপির এই আরচ্যার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলছেন কয়েক বছর যাবত। এশিয়ান কাপ আরচারির স্বর্ণ জয় তার ক্যারিয়ারের সেরা সাফল্য। বাংলাদেশের হয়ে তার আগে রোমান সানা এমন কৃতিত্ব অর্জন করেছেন।