পটুয়াখালীর বাউফলে জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে হামলার ঘটনায় মারা গেছেন সেতারা বেগম (৬০)। শুক্রবার উপজেলার কনকদিয়া ইউনিয়নের ঝিলনা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতারা বেগমের স্বামী হানিফ হাওলাদার মৃত্যুবরণ করার পর থেকে তার ৮ ফুট জায়গা নিয়ে পাশের বাড়ির নাসির মোল্লা ও বশির মোল্লার সাথে বিরোধ চলে আসছিল। গত বৃহস্পতিবার (১৯ জুন) সকাল সাড়ে দশটার দিকে সেতারা বেগম নিজ বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষ নাসির মোল্লা, বশির মোল্লা ও আরও কয়েকজন হঠাৎ তার ওপর হামলা চালায়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২০ জুন) বেলা ২টার দিকে ওই নারীর মৃত্যু হয়।
নিহতের ছেলে হাসান ইনসান ও কাউসার হাওলাদার অভিযোগ করে বলেন, “আমাদের মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। নাসির মোল্লা, বশির মোল্লা ও তাদের সহযোগীরা এ ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান সরকার বলেন, “ঘটনার বিস্তারিত আমরা জেনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”