জাতিসংঘে ইরাক

ইসরায়েলের যুদ্ধবিমান আকাশসীমা লঙ্ঘন করেছে

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান ইরাকের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে বলে জাতিসংঘে অভিযোগ জানিয়েছে বাগদাদ। আজ শুক্রবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকের ঠিক আগে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাদোম ওবায়েদ আল-ফাতলাভি। খবর আল–জাজিরার।

আল-ফাতলাভি জানান, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো সিরিয়া–জর্ডান সীমান্ত অঞ্চল থেকে ইরাকে প্রবেশ করে। প্রথমে ২০টি বিমান আসে, এরপর আরও ৩০টি বিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। তারা বসরা, নাজাফ ও কারবালার আকাশসীমা অতিক্রম করে।

এই অনুপ্রবেশকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়ে আব্বাস আল-ফাতলাভি বলেন, “পবিত্র স্থান ও অঞ্চলগুলোর ওপর এমন হুমকি আমাদের জনগণের মধ্যে প্রবল ক্ষোভের সৃষ্টি করতে পারে। কারণ এসব স্থান আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জুন থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে শুরু করে ইসরায়েল। এর জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। এই পাল্টাপাল্টি হামলায় উভয়পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে।

বিশ্লেষকেরা বলছেন, আকাশসীমা লঙ্ঘনের এই অভিযোগ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে।