ইরান ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক সংঘাত চলছেই। সংঘাতের অষ্টম দিনেও একে অন্যের নানা লক্ষ্যবস্তুতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে। দুই দেশের মধ্যে এ উত্তেজনা কূটনৈতিক উপায়ে নিরসনের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ক্ষমতাধর বেশ কয়েকটি দেশ। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না।
একই সুরে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও। তিনি বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এ সংঘাত বন্ধের একমাত্র উপায়। আর ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে চলমান এ সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়লে নরক নেমে আসবে বলে সতর্কবার্তা দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী।
এদিকে, ইরানে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েলও। হামলায় ইরানের খোনদাব পরমাণু স্থাপনা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির তিনটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস ও এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অন্যদিকে, চলমান এ সংঘাত নিয়ে ইরানের অনুরোধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হয়েছে। জেনেভায় ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আজ তুরস্কে ওআইসির সম্মেলনে যোগ দেবেন তিনি।
হামলা বন্ধ না হলে আলোচনা নয় : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরাইলি হামলা অব্যাহত থাকায় ইরান এই মুহূর্তে কারও সঙ্গেই আলোচনার জন্য প্রস্তুত নয়। ইউরোপীয় দেশগুলোর নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নিতে জেনেভায় যাওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এসব কথা বলেন আরাঘচি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাঘচির উদ্ধৃতি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনা চায়, তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি, আগ্রাসন না থামা পর্যন্ত কোনো আলোচনা হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের এ অপরাধের শরিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই। আরাঘচি আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি, তারপর অন্যান্য দেশ নিজেদের দূরে সরিয়ে রাখবে বলেই আমার মনে হয়।
ইসরায়েলের আগ্রাসন বন্ধই সংঘাত থামানোর উপায় : পেজেশকিয়ান
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এ সংঘাত বন্ধের একমাত্র উপায়। গতকাল শুক্রবার এক্সে দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, আমরা সবসময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হলো শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা। আলজাজিরার খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয়, তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে। সেই জবাব এমন হবে, যা আগ্রাসনকারীকে এ দেশের ওপর হামলার জন্য অনুতপ্ত করবে।
ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে : খামেনি
ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। স্থানীয় সময় বৃহস্পতিবার এক্স পোস্টে একটি ভিডিও শেয়ার করে এ ক্যাপশন দেন তিনি। খামেনির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে তেল আবিবে সৃষ্ট ধ্বংসের চিত্র। এ ছাড়া, যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলেও মন্তব্য করেন খামেনি।
ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল যুদ্ধে যোগ দেয়, তাহলে পুরো অঞ্চলটির জন্য তা নরক হয়ে উঠবে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে। বিবিসিকে তিনি বলেন, এটা যুক্তরাষ্ট্রের যুদ্ধ নয় আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি এতে জড়িয়ে পড়েন; তাহলে তিনি চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে পরিচিত হবেন, যিনি এমন এক যুদ্ধে ঢুকে পড়েছিলেন যার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ এ সংঘাতকে একটি অচলাবস্থায় পরিণত করবে, আগ্রাসন আরও বাড়াবে এবং নৃশংস বর্বরতার অবসান বিলম্বিত করবে।
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার বিপর্যয়ের শামিল : রাশিয়া
ইরানের যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার একটি বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। দ্য গার্ডিয়ান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে, ফোর্ডোতে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার বিরুদ্ধে প্রচলিত বোমা ব্যবহার করলে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। এটিকে ধ্বংস করার জন্য প্রাথমিকভাবে প্রচলিত বোমা দিয়ে আক্রমণ করতে হবে এবং পরে একটি বি-২ বোমারু বিমান থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে হবে।
জেনেভায় ইরান-ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক
কূটনৈতিক চেষ্টা নিয়ে ইরানের সঙ্গে জেনেভায় আলোচনায় বসেছে ইউরোপের তিন দেশ যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে বসেছে এ তিন দেশের প্রতিনিধিরা। এর সঙ্গে বৈঠকে আছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরাও। ইরান-ইসরায়েল সংঘাতের একটি কূটনৈতিক সমাধানের আশা নিয়ে এ বৈঠক করছেন তারা। ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি না করে, বৈঠকে তা নিয়ে ইউরোপীয় এই তিন দেশ চাপ আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
ইসরায়েলে ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইরান ক্লাস্টার বোমা বহনকারী ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে এ দাবি করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, ইরান ইসরায়েলে অন্তত একটি ক্ষেপণাস্ত্র ছুড়ছে যাতে ক্লাস্টার বোমা ছিল। এর লক্ষ্য হলো বেসামরিক হতাহতের সংখ্যা বৃদ্ধি করা। সংঘাত শুরুর পর ক্লাস্টার বোমা ব্যবহার হয়েছে এবারই প্রথম। তবে ইসরায়েলি সামরিক কর্মকর্তারা আর কোনো তথ্য দেননি এ দাবি নিয়ে। ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে সেনাবাহিনীর বরাত দিয়ে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটি প্রায় চার মাইল উচ্চতায় বিভক্ত হয়ে মধ্য ইসরায়েলের প্রায় পাঁচ মাইল জুড়ে অন্তত ২০টি আঘাত করেছে।
আইআরজিসির গোয়েন্দা শাখায় নতুন প্রধান নিয়োগ
ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয় বলে জানায় ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর এ পদে নতুন নিয়োগ দেওয়া হলো। আইআরএনএ জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর। এ নিয়োগের মধ্য দিয়ে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন মাজিদ খাদামি। কাজেমি গত রবিবার ইসরায়েলি হামলায় নিহত হন।
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা
ইসরায়েলের বিরশেবা শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। স্টেশনটি তেল আবিব থেকে বিরশেবা-ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ। শুক্রবার ভোরে বিরশেবায় ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আলজাজিরা এ তথ্য জানিয়েছে। হামলার পর মাইক্রোসফটের কার্যালয়ের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গাভ-ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। এদিকে, ইরানে কয়েক ডজন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করছে ইসরায়েলি সেনাবাহিনী। পাশাপাশি ইরানের তিনটি মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র ধ্বংস ও এক শীর্ষ কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। শুক্রবার আইডিএফ জানায়, তাদের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের পারমাণবিক অস্ত্র তৈরিতে জড়িত প্রতিষ্ঠান প্রতিরক্ষামূলক গবেষণা এবং আধুনিকায়ন সংস্থা (এসপিএনডি)।
ইরানের খোনদাব পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত
ইরানের আরাক শহরে খোনদাব পরমাণু স্থাপনায় ইসরায়েলের বৃহস্পতিবারের হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ তথ্য জানিয়েছে।
খোনদাবে ভারী পানির পারমাণবিক চুল্লির পানিশোধন ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইএইএ বলছে, পারমাণবিক চুল্লিটি এখনো নির্মাণাধীন এবং চালু হয়নি। এতে কোনো পারমাণবিক উপাদান ছিল না। আইএইএ’র প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলার পর তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই। বিবৃতিতে বলা হয়, খোনদাব পারমাণবিক চুল্লিটি আগে আরাক নামে পরিচিত ছিল। হামলার পরেই এর ক্ষয়ক্ষতি বোঝা যায়নি। পরে বিশ্লেষণে দেখা যায়, স্থাপনাটির বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ভারী পানির চুল্লিগুলো প্লুটোনিয়াম তৈরির কাজে ব্যবহার করা হয়। তাই এটি লক্ষ্য করেই হামলা হয়েছে।
রুবিওর সঙ্গে মিত্রদের আলোচনা
ইসরায়েল-ইরানের মধ্যে চলমান সংঘাত নিয়ে বৃহস্পতিবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ ছাড়া, অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ নোয়েল ব্যারট এবং ইতালি পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানির সঙ্গে পৃথকভাবে ফোনালাপ করেছেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসব বৈঠকের বিষয়ে জানানো হয়, আলোচনায় রুবিওর সঙ্গে অন্য শীর্ষ কর্মকর্তারা সহমত প্রকাশ করেছেন যে, ইরান কখনই পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে পারবে না।
ইরানে দূতাবাস বন্ধ করেছে ৬ দেশ
ইরান-ইসায়েলের ক্রমবর্ধমান সংঘাতের জেরে ইরানের রাজধানী তেহরানে নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ ঘোষণা করছে ছয়টি দেশ। তেহরানে দূতাবাস কার্যক্রম স্থগিত করা দেশগুলোর মধ্যে রয়েছে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।
আট দিনে ৮ হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন
ইসরায়েল-ইরান সংঘাতের জেরে গত আট দিনে আট হাজারের বেশি ইসরায়েলি গৃহহীন বা উদ্বাস্তু হয়ে পড়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ‘ইয়েদিওথ আহরোনোথ’-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। ইসরায়েলের প্রপার্টি ট্যাক্স কমপেনসেশন ফান্ডের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমটি বলেছে, ইরানের হামলায় ইসরায়েলের বহু ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত প্রপার্টি ট্যাক্স কমপেনসেশন ফান্ডের দপ্তরে ক্ষতিপূরণের দাবি জানিয়ে অন্তত ৩০ হাজার অনুরোধ এসেছে।