কুষ্টিয়ায় বাপাউবোর জমিতে অবৈধ দখল উচ্ছেদে প্রশাসনের অভিযান

কুষ্টিয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) প্রধান সেচখালের পারের জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চৌড়হাস পশ্চিম পাড়া জিকে ক্যানেলের পাশে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান নেতৃত্ব দেন। এ সময় সেখানে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমানসহ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন। অভিযানকালে প্রায় ৩৫টি ছোটবড় অবৈধ কাঁচা-ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

তবে পুনর্বাসন না করে অবৈধ দখল উচ্ছেদের এই অভিযানে শেষ আশ্রয় হারানো ক্ষতিগ্রস্তরা বলেন, সহায়-সম্বলহীন বাপ দাদার আমল থেকে এখানে বসবাস করে আসছি। এখন পরিবারের মানুষগুলোকে নিয়ে কোথায় থাকব? কোনো জমি নেই, কোথাও যাওয়ারও জায়গা নেই।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান বলেন, দীর্ঘদিন ধরে পানি উন্নয়ন বোর্ড (জিকে) ক্যানেলের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা তৈরি করে ব্যবসা ও ছোটবড় কাঁচা-ঘর নির্মাণ করে আসছিলেন দখলবাজরা। এতে কৃষকের ফসলি জমিতে পানি যেতে সমস্যা হতো। তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। উচ্ছেদের আগে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রেরণ ও মাইকিং করে প্রচারণা চালানো হয়েছিল। তবুও তারা স্থাপনা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলো।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী রাশিদুর রহমান বলেন, জেলাজুড়ে পানি উন্নয়ন বোর্ডের জায়গাতে অবৈধ দখলে থাকা সব জমি উদ্ধার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।