বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে, যা দেখে মন খারাপ হয়েছে। এই টাকা ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে। কি পরিমাণ টাকা তারা লুট করেছে তা প্রমাণ হয়ে গেছে। ফ্যাসিস্টরা দেশটাকে ধ্বংস করে দিয়েছে। তারা নির্বাচনব্যবস্থা, রাষ্ট্রীয় কাঠামো, আমলাতন্ত্র সব ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে ঠিক যায়গায় নিয়ে যেতে কাজ শুরু করেছে অন্তর্বর্তী সরকার।
আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান আওয়ামী লীগ ধ্বংস করে দিয়েছে। এখন সবাই মিলে দেশ গঠনে পদক্ষেপ নিচ্ছে। আওয়ামী লীগ দেশের টাকা লুট করে পাচার করেছে।
বিএনপি মহাসচিব বলেন, আজকে পত্রিকায় একটা খবর দেখে মনটা একটু খারাপ হয়েছে। সুইস ব্যাংকে অনেক টাকা জমা হয়েছে। আমি জানি না এই টাকাগুলো কাদের, কবে কিভাবে জমা হয়েছে। এই খবরটা পড়লেই প্রতিটি দেশপ্রেমিক মানুষের মনে হবে তাহলে কি কোনো পরিবর্তন হয়নি। কিন্তু আমাদের সম্পদ লুটে নিয়ে গেছে, সেই মাফিয়ারা, ফ্যাসিবাদীরা।
বিএনপি মহাসচিব বলেন, গত ১০ মাসে যেসব ঘটনা ঘটেছে, তাতে সন্দিহান হয়ে পড়েছিলাম। কিন্তু অত্যন্ত আশ্বস্ত হয়েছি, যখন ড. ইউনূস ও তারেক রহমানের বৈঠকে কতগুলো বিষয়ে একমত হয়েছে দুপক্ষই। এতে আশার আলো দেখা দিয়েছে। নির্বাচনের মাধ্যমে দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আশা প্রকাশ করছি।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, যে বিষয়গুলো নিয়ে আন্দোলন করেছে যুগপৎ শরিকরা, তা নিয়ে কাজ করলে জনগণের আশা পূরণ করবে। বেশিরভাগ সংস্কার প্রস্তাবে একমত হলেও যেসব বাকি থাকবে তা পরবর্তী সংসদ বাস্তবায়নে উদ্যোগী হবে বলেও জানান তিনি।