মির্জা ফখরুল

একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ধর্মভীরু মানুষ, কিন্তু ধর্ম দিয়ে রাষ্ট্র বিভাজনে বিশ্বাস করি না। তবে একটি গোষ্ঠী ধর্মের নামে দেশে বিভাজন সৃষ্টি করতে চায়। তিনি বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও সাইবার ওয়ারে সজাগ থাকারও আহ্বান জানান। 

রবিবার (৭ ডিসেম্বর) কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলটির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

এ সময় তিনি দাবি করেন, ১৫ বছর পর দেশে গণতন্ত্র ফিরে আসার সুযোগ সৃষ্টি হয়েছে, তবে সেই পথে বাধাও রয়েছে। তিনি বলেন, একমাত্র বিএনপিই দেশকে সামনের দিকে নিয়ে যাবে। 

তিনি বলেন, গত ১৫ বছরে ‘দুঃশাসন ও ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে’ আওয়ামী লীগ দেশের সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফিরিয়ে আনতে এসব প্রতিষ্ঠান নতুন করে পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে।

তরুণ সমাজের মানসিকতার পরিবর্তনের কথা উল্লেখ করে ফখরুল বলেন, সবাই সর্বক্ষেত্রে পরিবর্তন চায়। নতুন বাংলাদেশের চিন্তা সকলের মধ্যে এসেছে। পুরানো ধাঁচের রাষ্ট্রকাঠামো আর উপযোগী থাকছে না। তিনি বিএনপিকে নতুন চিন্তার আলোকে গড়ে তোলার ইচ্ছাও প্রকাশ করেন।

ছাত্রদলকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির যে ৩১ দফা, সেটাকে তোমরা সেইভাবে গ্রামে নিয়ে যেতে পারোনি। আমি যখন গ্রামে যাই, সেটা দেখিনি।

তিনি আরও বলেন, ছাত্রদলকে বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো তোমাদের কমিটি বলো কিংবা প্রচারণা বলো, সেটাকে সবচেয়ে বেশি বাড়াতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে তোমাদের (ছাত্রদলের) যথেষ্ট অভাব পরিলক্ষিত হয়েছে। যার কারণে বিগত নির্বাচনগুলোতে আমরা ভালো করতে পারিনি। এই জায়গায় তোমাদের এগিয়ে আসতে হবে।

খালেদা জিয়ার স্বাস্থ্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, তার চিকিৎসার জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারেক রহমান নিজে চিকিৎসা তদারকি করছেন। জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা তাকে চিকিৎসা দিচ্ছে। এতো মানুষের প্রার্থনা স্রষ্টা নিশ্চয়ই কবুল করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত