ম্যানচেস্টার ইউনাইটেডে গোলরক্ষক হিসেবে যোগ দেওয়ার স্বপ্নে বিভোর আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। তবে বাস্তবতা বলছে, তার ওল্ড ট্র্যাফোর্ড যাত্রার সম্ভাবনা খুব একটা জোরালো নয়।
ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হলেও, তার মোনাকো যাওয়ার গুঞ্জনে জল ঢেলেছেন ইতালীয় সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। একই পথে হেঁটেছেন ডেইলি মেইলের সাংবাদিক নাথান সল্ট, যিনি দাবি করেছেন— মার্তিনেজের ইউনাইটেডে যোগদানের সম্ভাবনা একেবারেই ক্ষীণ। নাথান সল্টের ভাষায়, “এমি মার্তিনেজের প্রতিনিধি ইউনাইটেডের সঙ্গে যোগাযোগ স্থাপনে রাতদিন কাজ করছেন। কিন্তু বাস্তবে ক্লাবটির পক্ষ থেকে কোনো আগ্রহ দেখানো হয়নি।”
তবে অন্য একটি সূত্রকে উদ্ধৃত করে 'দা সান জানিয়েছে, “এমির আর্জেন্টিনা দলের সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজের ঘনিষ্ঠ বন্ধু এবং সে দল বদলে খুবই আগ্রহী। ইউনাইটেডে যোগ দেওয়ার আশায় ইতোমধ্যে কয়েকটি নামকরা ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।”
ইউনাইটেডের নতুন কোচ রুবেন আমোরিম নিজেও মার্তিনেজের দীর্ঘদিনের ভক্ত। ২০২০ সালে তিনি স্পোর্টিং লিসবনে থাকাকালীন মার্তিনেজকে দলে নিতে চেয়েছিলেন, তবে শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলার কাছে হার মানতে হয়েছিল। এবারও আমোরিম একটি "নেতৃত্বগুণে ভরপুর" স্কোয়াড গড়ার পরিকল্পনায় মার্তিনেজকে সেই কাঠামোর জন্য আদর্শ মনে করছেন।
তবে ইউনাইটেডের পক্ষে মার্তিনেজকে দলে টানা এখনই সহজ নয়। ভিলা তার জন্য কমপক্ষে ৪ কোটি পাউন্ড চাচ্ছে, যা পিএসআর (লাভ ও আর্থিক স্থায়িত্বের নিয়মাবলি) মানতে গিয়ে ক্লাবটির আর্থিক চাহিদার প্রেক্ষাপটে যৌক্তিক হলেও ইউনাইটেডের সামর্থ্যের বাইরে হতে পারে।
এর বাইরে মার্তিনেজের বয়স ৩২ এবং গত মৌসুমে তার পারফরম্যান্স খুব একটা ধারাবাহিক ছিল না। ওনানার ভুলত্রুটি থাকা সত্ত্বেও তিনি গত দুই মৌসুমে মার্তিনেজের চেয়ে বেশি সেভ ও ক্লিন শিট এনেছেন। সেই তুলনায় কম বয়সী ও কম খরচের বিকল্প অপশন ইউনাইটেডের বিবেচনায় রয়েছে।
এমি মার্তিনেজের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের যোগাযোগের কথাও শোনা যাচ্ছে, যদি জান ওবলাক ক্লাব ছাড়েন। এই সম্ভাবনাকে অনেকেই ম্যানইউর চেয়ে বেশি বাস্তব মনে করছেন।