অলিম্পিয়াকোস গুঞ্জনের মাঝেই লেস্টারের অনুশীলনে হামজা চৌধুরী

গ্রীক ক্লাব অলিম্পিয়াকোসে যোগ দেওয়ার জোর গুঞ্জনের মাঝেই ভিন্ন চিত্র। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন পাওয়া লেস্টার সিটির কিং পাওয়ার স্টেডিয়ামে স্থানীয় সময় আজ সকালে দলের অনুশীলনে দেখা গেছে বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীকে।

গত কয়েকদিন ধরে ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন ছিল, উয়েফা চ্যাম্পিয়নস লিগ খেলতে আগ্রহী গ্রীসের অন্যতম সেরা ক্লাব অলিম্পিয়াকোস। সেই লক্ষ্যে তারা হামজাকে দলে ভেড়াতে লেস্টার সিটির সঙ্গে আলোচনায়ও বসেছে। লেস্টার যদিও তাকে স্থায়ীভাবে ছাড়তে রাজি নয়, তবে লোনে পাঠানোর বিষয়ে রাজি হয়েছে বলেই জানাচ্ছে গ্রীসের গণমাধ্যম।

২৬ বছর বয়সী এই ডিফেন্সিভ মিডফিল্ডার গত মৌসুমে লেস্টার থেকে ধারে খেলতে গিয়েছিলেন শেফিল্ড ইউনাইটেডে। ক্লাবটির হয়ে নিয়মিত মাঠে নেমেছেন। তবে প্রিমিয়ার লিগে ফিরতে তারা ব্যর্থ হয়েছে। ফলে লেস্টারেই ফিরেছেন হামজা।

ইংলিশ ক্লাবটি এখন চ্যাম্পিয়নশিপ থেকে আবারও প্রিমিয়ার লিগে ফেরার পরিকল্পনায় স্কোয়াড নতুন করে সাজাতে চাইছে, যেখানে হামজার ভূমিকা কিছুটা অনিশ্চিত। এ সুযোগে অলিম্পিয়াকোস তাকে লোনে নেওয়ার চেষ্টা করছে।

গ্রিক সাংবাদিক জর্জ সাঙ্কাস ও ফুটবলভিত্তিক প্ল্যাটফর্ম ফুটবল উইটবল জানায়, দুই ক্লাবের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে এবং সেটা ইতিবাচক গতিতে এগোচ্ছে। হামজা নিজেও চ্যাম্পিয়নস লিগের মঞ্চে খেলার সুযোগ পেয়ে আগ্রহ দেখিয়েছেন বলে উল্লেখ করেছে সূত্রগুলো।

তবে আজকের অনুশীলনে তাকে লেস্টার সিটির জার্সিতে মাঠে দেখা যাওয়ায় গুঞ্জনের পালে সাময়িকভাবে হলেও ছায়া পড়েছে। এখনো ক্লাবের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, তবে লোন চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত লেস্টারের প্রস্তুতিতে থাকাটাই স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অলিম্পিয়াকোসে যোগ দেওয়া মানে হামজার ক্যারিয়ারে নতুন মোড়, নতুন উচ্চতা। উয়েফা চ্যাম্পিয়নস লিগের আঙিনায় পা রাখা, বাংলাদেশের ফুটবল অনুরাগীদের জন্যও এক বিশেষ গর্বের মুহূর্ত হতে পারে। তবে আপাতত তার ভবিষ্যৎ ঘিরে অপেক্ষার প্রহরই গুনছে দুই দেশের সমর্থকরা।