ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫১তম শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করেছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।
বৈঠকে তারা চলমান সংঘাত নিয়ে আলোচনা করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদুলু।
এই বৈঠকে উভয় নেতা ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনার পাশাপাশি অঞ্চলিক ও বৈশ্বিক সংকট নিয়েও কথা বলেন। বৈঠক শেষে এ বিষয়ে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর তাদের অফিশিয়াল এক্স- এর পেইজে বিবৃতি দিয়েছে।
এরদোয়ান জোর দিয়ে বলেন, গাজা, লেবানন ও সিরিয়ার ওপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে তুরস্ক। একইভাবে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণও আনকারা সমর্থন করবে না।
তিনি আরও বলেন, এই অঞ্চল আর একটাও যুদ্ধ হতে দেওয়া যাবে না।
ইসরায়েলের আগ্রাসন অবিলম্বে বন্ধ করার ও পারমাণবিক ইস্যু সমাধানে কূটনৈতিক পথ ফিরে আসার আহ্বান জানান তিনি।
এরদোয়ান উল্লেখ করেন যে তুরস্ক নিজের ভূমিকা নিতে প্রস্তুত, যার মধ্যে রয়েছে আলোচনায় মধ্যস্থতা।
তিনি বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রযুক্তিগত ও উচ্চ পর্যায়ের আলোচনা শিগগিরই শুরু করা উচিত। তুরস্ক এই প্রক্রিয়ার সমর্থন করবে।
বৈঠকটি ইস্তানবুলের লুৎফি কিরদার কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এখানেই ওআইসির ৫১তম অধিবেশন চলছে।
বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী যাসার গুলার, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ইব্রাহিম কালিন এবং প্রধান পররাষ্ট্রনীতি উপদেষ্টা আকিফ জাগতায় কিলিক।