ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এই তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শনিবার রাতের দিকে এ হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা চালিয়েছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।”

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাতে জানা গেছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নেয়।

আজ রবিবার সকালে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) তিনি জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

এই হামলার গুরুত্ব ব্যাখ্যা করে ট্রাম্প বলেন, “এটি যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। ইরানকে এখন অবশ্যই এই যুদ্ধ বন্ধে রাজি হতে হবে।”