১৮তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া সকল পরীক্ষার্থীর জন্য সনদ প্রদানের দাবিতে রাজধানীতে আন্দোলনে নামা শিক্ষার্থীদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে।
বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন। তারা সনদ প্রদানের দাবিতে স্লোগান দিতে থাকেন। তবে মিছিলটি সামনে এগোতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়।
কয়েক দফা সরিয়ে দেওয়ার অনুরোধ উপেক্ষা করে আন্দোলনকারীরা যখন অবস্থান চালিয়ে যান, তখন ১১টা ২৩ মিনিটে পুলিশ তাদের লক্ষ্য করে জলকামান চালায় এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে দেয়। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন।