অনেক টার্গেট এখনো বাকি রয়েছে:  ট্রাম্প

আপডেট : ২২ জুন ২০২৫, ০৯:২১ এএম

গতকাল শনিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের মূল পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা ছিল “ব্যাপক সাফল্য”। তিনি সতর্ক করে বলেন, যদি তেহরান একটি গ্রহণযোগ্য শান্তি চুক্তিতে সম্মত না হয়, তাহলে আরও হামলা চালানো হবে।

হোয়াইট হাউজের ক্রস হল থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস-সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা। তিনি বলেন, “আজ রাতের হামলা ছিল ব্যতিক্রমধর্মী সামরিক সাফল্য।”

হামলার কয়েক ঘণ্টা আগে ট্রাম্প ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন, যুক্তরাষ্ট্র ফোরদো, নাটানজ ও ইসফাহানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে।

ট্রাম্পের পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের হামলা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একাধিক অভিযান শুরু হতে পারে। প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের অবস্থান এখন স্পষ্ট।

ট্রাম্প বলেন, “এই অবস্থা আর চলতে পারে না। হয় শান্তি আসবে, না হলে ইরানের জন্য এমন বিপর্যয় আসবে যা গত আট দিনের চেয়ে অনেক ভয়াবহ হবে। মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি রয়েছে। আজ রাতের লক্ষ্যবস্তু ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী। যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা পরবর্তী লক্ষ্যগুলোতে আঘাত করব নিখুঁত পরিকল্পনা, গতি ও দক্ষতার সঙ্গে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত