টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে একজন নিহত হয়েছেন। নিহত সুজন কাভার্ডভ্যানের চালক ছিলেন।

রবিবার (২২ জুন) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটে।  

নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান ভোরে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে কাভার্ডটি ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের সামনে ধুমড়ে-মুছড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যায়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। 

এ বিষয়ে মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।