এবার গম্ভীরের সঙ্গে বুমরার উত্তপ্ত বাক্য বিনিময়!

হেডিংলি টেস্টে ব্যাটিং ধসের পরও ভালো অবস্থানেই আছে ভারত। কিন্তু দলের ভেতর দেখা দিয়েছে অশান্তির মেঘ। গতকাল শনিবার দ্বিতীয় দিনের খেলা চলাকালীন ড্রেসিংরুমে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে একরাশ বিরক্তি নিয়ে কথা বলতে দেখা গেছে জসপ্রীত বুমরাকে। যা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে এ বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো বক্তব্য আসেনি।

ভারত অল-আউট হওয়ার পর ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে একাই লড়াই করেছেন বুমরা। ইংল্যান্ডের উইকেটে মেঘলা আবহাওয়ায় মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, শার্দূল ঠাকুরদের বোলিং নিতান্তই সাধারণ মানের ছিল। ইংল্যান্ডের ৩টি উইকেটই নিয়েছেন বুমরা। ইনিংসের ৪০তম ওভারে বুমরা ড্রেসিংরুমে গিয়েছিলেন, ওই সময় বল করছিলেন শার্দূল। তার বোলিংয়ের চেয়েও বেশি নজর কাড়ে ড্রেসিংরুমের একটি দৃশ্য।

ওই সময় গম্ভীর এবং বুমরা পাশাপাশি বসে কথা বলছিলেন। বুমরাকে বেশ বিরক্ত দেখাচ্ছিল। তিনি উত্তেজিতভাবে কোচের সঙ্গে কথা বলছিলেন। দেখে মনে হচ্ছিল, দুজনের মধ্যে বেশ তর্কাতর্কিও হয়েছে। ভারতের অন্যতম সেরা এই পেসার দলের কোচকে কিছু বোঝানোর চেষ্টা করছিলেন। বুমরা কি দলের নির্বিষ বোলিং এবং ফিল্ডিং নিয়ে হতাশা প্রকাশ করছিলেন? জল্পনা তৈরি হলেও জানা যায়নি, ঠিক কী ঘটেছিল।

‘মাথা গরম’ হিসেবে গম্ভীরের বহুল পরিচিতি আছে। তার সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের তর্কাতর্কির ঘটনা নতুন নয়। বিরাট কোহলির সঙ্গে তার বিরোধ তো বছরের পর বছর চলেছে। পরে অবশ্য মিটমাটও হয়েছিল। গত অস্ট্রেলিয়া সফরেও তৎকালীন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে গম্ভীরের উত্তপ্ত বাক্য বিনিময় দেখা গিয়েছিল।