যুক্তরাষ্ট্রের হামলার পর বাড়ল ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন বিমান বন্দরসহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী পশ্চিম ইরানে ‘সামরিক লক্ষ্যবস্তুর’ বিরুদ্ধে নতুন করে হামলা শুরু করেছে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানে যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণের পর ইসরায়েলের রাজধানী তেল আবিবসহ ১০ স্থানে প্রথমবার রকেট ও শার্পনেল হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি জরুরি পরিষেবা বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলের জরুরি পরিষেবার একজন মুখপাত্র জানিয়েছেন, প্রাথমিক প্রতিবেদনে দেখা গেছে রকেট ও শার্পনেল ইসরায়েলের ১০ স্থানে আঘাত হেনেছে। এই এলাকাগুলোর মধ্যে রয়েছে কারমেল, হাইফা, তেল আবিব অঞ্চল এবং উত্তরের উপকূলীয় সমতলভূমি।

এর আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমেরিকান যুদ্ধবিমান বোমা হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনা কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট আইন প্রণেতাদের অনেকে ইরানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন।