টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা 

টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সংখ্যা ২০-এ বাড়ানোয় কানাডা সুযোগ পেয়েছিল ২০২৪ সালের টুর্নামেন্ট খেলায়। টানা দ্বিতীয়বার এই বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে উত্তর আমেরিকার দেশটি। 

ওন্টারিওতে শনিবার চার দেশের আমেরিকাস অঞ্চলের বাছাইপর্বে বাহামাকে ৭ উইকেটে হারিয়ে টানা পঞ্চম জয়ে এই যোগ্যতা অর্জন করে কানাডা। শেষ দুটি ম্যাচের ফলাফল যাই হোক, তাতে কিছু আসবে যাবে না। 

কানাডাকে নিয়ে এ পর্যন্ত মোট ১৩টি দল নিশ্চিত করলো ২০ দলের বিশ্বকাপ খেলার টিকিট। ইতিমধ্যে যোগ্যতা অর্জন করা দেশগুলো হলো: আয়োজক ভারত ও শ্রীলঙ্কা, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ (গত বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে) এবং আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান (টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের ভিত্তিতে)। বাকি সাতটি দল আসবে: ইউরোপ (২), আফ্রিকা (২), এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চল (৩) -এর বাছাই থেকে। 

আগামী ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হবে ১০ম টি-টোয়েন্টি বিশ্বকাপ।