কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমকে হত্যাচেষ্টার অভিযোগে হাতিরঝিল থানায় করা মামলায় তার তৃতীয় স্ত্রী রিয়া মনি ও তার বন্ধু কামরুল ইসলাম রিয়াজকে জামিন দিয়েছেন আদালত।
রবিবার (২২ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় এ আদেশ দেন।
এদিন তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. মোস্তানছির বিল্লাহ তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
এ সময় আসামিপক্ষে জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। শুনানি চলাকালে হিরো আলম আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সূত্রে জানা যায়, আসামি রিয়া মনি সম্পর্কে বাদী হিরো আলমের ৩য় স্ত্রী হয়। গত ২১ জুন বিকেল ৪টার দিকে হাতিরঝিল থানাধীন এলাকায় ভাড়া বাসায় হিরো আলম গিয়ে দেখেন আসামি রিয়া মনি ও আসামি রিয়াজ রুমের ভেতর দরজা বন্ধ অবস্থায় রয়েছেন। তখন হিরো আলম তার স্ত্রী রিয়া মনি ও আসামি রিয়াজ একসাথে বেড রুমে অবস্থানের কারণ জিজ্ঞাস করেন। তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি।
এ সময় আসামি রিয়া মনি তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায় আসামি রিয়া মনি ও পলাতক আসামি আবদুল্লা হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে এলোপাতারি মারধর করে। আসামি রিয়ার নির্দেশে আসামি রিয়াজ বাদীকে হত্যার উদ্দেশ্যে গলায় চাপ দিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। তখন হিরো আলমের গলায় থাকা আট আনা ওজনের স্বর্ণের চেইন কৌশলে চুরি করে নেয়। এ ঘটনায় ২২ জুন কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম বাদী হয়ে রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন।