ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর বিশ্ব এখন ‘নিরাপদ ও স্থিতিশীল’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রবিবার (২২ জুন) ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচার্স’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিও এমন মন্তব্য করেন।
মার্কো রুবিও বলেন, ‘আমি মনে করি— ২৪ ঘণ্টা আগের তুলনায় বিশ্ব এখন আরও নিরাপদ এবং স্থিতিশীল। এই হামলা ইরানের বিরুদ্ধে যুদ্ধের পদক্ষেপ নয়। ইরান যদি প্রতিশোধ নেয়, এটি হবে তাদের সবচেয়ে মারাত্মক ভুল। ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন আমেরিকার লক্ষ্য নয়।’
ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি গোপন করা অব্যাহত রাখে তবে তারা আরও মার্কিন পদক্ষেপের ঝুঁকি নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রুবিও অভিযোগ করেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলছে, যে কৌশল তারা গত ৩৫ বছর ধরে প্রত্যেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যবহার করছে।
‘প্রেসিডেন্ট তাদের বলেছেন, আমাদের মধ্যে যদি কোনো চুক্তি না হয়, তাহলে আমাকে এটি অন্যভাবে করতে হবে। আর সেটাই করলেন তিনি’, বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
উল্লেখ্য, রবিবার ভোরে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফোর্দো, নাতাঞ্জ ও ইসফাহানে ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে মার্কিন সামরিক অভিযান শুরু হয়। চলমান ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি হস্তক্ষেপ করবে কিনা তা নিয়ে কয়েকদিন ধরে জল্পনা-কল্পনার পর এ হামলা চালানো হলো।
অতর্কিত এ হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প এটিকে ‘অত্যন্ত সফল’ দাবি করে বলেন, এর ফলে ইরানের পরমাণু কর্মসূচি বছরের পর বছর পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্র শান্তির জন্য উন্মুক্ত রয়েছে।
তেহরানকে আর কোনো উসকানি না দেওয়ার ব্যাপারে সতর্ক করে দেন তিনি।