বাংলাদেশের বিদ্যমান আইন পর্যালোচনা করে দেখেছি শাপলা প্রতীক দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ রবিবার বিকেলে এনসিপির নিবন্ধনের আবেদন জমা দেওয়ার পর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জাতীয় ফল কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে রয়েছে। সেক্ষেত্রে আমরা কোনও সমস্যা দেখিনি বলে আমরা আবেদন করেছি। ইসির সঙ্গেও আমরা এ বিষয়ে কথা বলেছি। শাপলা গ্রাম বাংলা এবং নদী মাত্রিক বাংলাদেশের সকলের কাছে পরিচিত।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র, সংস্কার, গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ সব কিছু মিলেই আমাদের এই মুহূর্তের রাজনীতি। সে ক্ষেত্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে একটি রাজনৈতিক দলকে নিবন্ধন নিতে হয়। শর্তাবলী পূরণ করতে হয়, আবেদন করতে হয়। আমরা সেই নিয়মতান্ত্রিক কাজটাই এখন করছি। কিন্তু এখনো আমাদের প্রধান কাজের জায়গাটি হচ্ছে সংস্কার এবং বিচার নিশ্চিত করা।
দ্রুততম সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নিবন্ধন পাবে এই আশাবাদ ব্যক্ত করে নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য সকল শর্তাবলি পূরণ করে আজকে নির্বাচন কমিশন বরাবর আবেদন দাখিল করেছি। এনসিপির ১০৫টি উপজেলা এবং ২৫টি জেলায় কমিটি করা হয়েছে। সকল কাগজপত্র আজকে আমরা ইসিতে জমা দিয়েছি। আমরা নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।
এ সময় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।