আবারও কলম বিরতি কর্মসূচি পালন করছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৩ জুন) সকাল থেকে কর্ম বিরতি কর্মসূচি শুরু করেছেন তারা।
সংশ্লিষ্টরা জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ ও রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' সংস্কারের কমিটিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের অংশীদারিত্ব না থাকার প্রতিবাদে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা কলম বিরতি কর্মসূচি পালন করছেন।
যদিও এরইমধ্যে সকল সভা সমাবেশ বন্ধ করতে এনবিআর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে ডিএমপি। তবে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সকাল ৯টা থেকে এনবিআর ভবনে অবস্থান কর্মসসূচি ও কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচরীরা।
শনিবার (২১ জুন) বিকেলে এনবিআর ভবনে সংবাদ সম্মেলনে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনে গঠিত কমিটিকে অগ্রহণযোগ্য দাবি করে আবারও কলমবিরতির ডাক দিয়েছিলো এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি আলাদা বিভাগ করে, গেল ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এর প্রতিবাদে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে নানা ধরনের কর্মসূচি পালন করেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। এর পরিপ্রেক্ষিতে ৩১ জুলাইয়ের মধ্যে এনবিআর নিয়ে জারি করা অধ্যাদেশের প্রয়োজনীয় সংশোধনের কথা জানায় সরকার। প্রয়োজনীয় সংস্কারের জন্য গেল ১৯ জুন শুল্ক ও কর ক্যাডার কর্মকর্তাদের সমন্বয়ে ছয় সদস্যের কমিটি গঠন করে এনবিআর। এবার এই কমিটি নিয়ে আপত্তি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।