২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে আরো ১৯ জন।

আজ সোমবার (২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মোট ৪০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে শনাক্তের হার ৪.৬৮ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী। তাদের একজনের বয়স ৬১-৭০ বছর, একজনের ৭১-৮০ বছর ও একজনের বয়স ৯১-১০০ বছরের মধ্যে। তাদের মধ্যে একজন ঢাকা ও দুইজন চট্টগ্রাম বিভাগের। তিনজনের একজন সরকারি ও দুইজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।