চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ এলাকায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ। এসময় ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি হানিফ এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৭০৮৪) জব্দ করা হয়।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী বাজারের পশ্চিম পাশে শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা বলে জানা যায়।
পুলিশ জানায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার এলাকায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার) এর নির্দেশনায় চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) সোহেল মিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ দোহাজারী বাজারের পশ্চিম পাশে শেভরন ডায়াগনস্টিক সেন্টারের সামনে উপস্থিত হয়ে একটি নীল সাদা বর্ণের হানিফ পরিবহনের এসি বাস তল্লাশি করার সময় বাসের হেলপার আসামি মো. মারুফ হোসেনকে আটক করেন।
পরবর্তীতে আটক আসামিকে জিজ্ঞাসাবাদ করলে বাসের বামপাশের যাত্রীদের মালামাল রাখার ৩ নম্বর বক্সে ভিতর হতে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপরদিকে অপর আসামি বাসের ড্রাইভার মো. আবছার উদ্দিন (৩৪) কৌশলে পালিয়ে যায়।
আটক হলেন- হানিফ এসি বাসের হেলপার চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড শান্তির বাজার এলাকার সোনা মিয়ার ছেলে মো. মারুফ হোসেন (২২)।
পলাতক আসামি হলেন- হানিফ এসি বাসের ড্রাইভার চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার দশমাইল, হাসপাতালের পাশে এলাকার লাল মিয়ার ছেলে মো. আবছার উদ্দিন (৩৪) ড্রাইভার।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি হানিফ এসি বাসসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়।