ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রথমবারের মতো জাঁকজমকভাবে নবাব স্যার সলিমুল্লাহর জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার সকাল ৯টায় ঢাবির স্যার সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ও হল প্রশাসনের উদ্যোগে হল প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ব্রিটিশ কাউন্সিল সংলগ্ন ফুলার রোড হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় হল মাঠে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এছাড়াও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হল প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ-আল-মামুন। র্যালিতে হলের আবাসিক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নেন।
দিনটিতে হলটির আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের জন্য রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও কর্মসূচির অংশ হিসেবে নবাব সলিমুল্লাহর জীবন ও কর্ম নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এই অঞ্চলে শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিতে নবাব সলিমুল্লাহ পরিবারের অবদান অনস্বীকার্য। সেইসঙ্গে সে সময়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা অবদান রেখেছেন তাদেরকে কৃতজ্ঞতাভরে স্মরণ করছি।
সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. আব্দুল্লাহ আল মামুন বলেন, নবাব সলিমুল্লাহ এই ভূখণ্ডে শিক্ষা প্রসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অসামান্য ভূমিকা রেখেছেন। এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা নবাব স্যার সলিমুল্লাহর অবদান, জীবন ও দর্শন সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারবে।