যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলের ওপর প্রকাশ্যে ক্ষোভ ঝারলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
একজন মার্কিন প্রেসিডেন্ট ইসরায়েল নিয়ে প্রকাশ্যে এমন ক্ষোভ ঝারলেন, ঘটনাটি বিরল ও নজিরবিহীন বলে উল্লেখ করেছে টাইমস অব ইসরায়েল।
মঙ্গলবার স্পষ্ট ও কড়া ভাষায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইসরায়েলের ওপর অত্যন্ত ক্ষুব্ধ, কারণ তিনি যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন তা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘ইসরায়েল এখন আক্রমণে যাচ্ছে, আমি এতে খুশি নই।’
এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো পাল্টা আঘাত হানছে বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “সময়সীমার পর একটা রকেট সম্ভবত ইরান থেকে ছোড়া হয়েছিল। তার জবাবে এখন ইসরায়েল পাল্টা আক্রমণে যাচ্ছে। এরা একটু ঠান্ডা হোক! হাস্যকর…”
হোয়াইট হাউস থেকে নেদারল্যান্ডসের ন্যাটো সম্মেলনের পথে হেলিকপ্টারে ওঠার আগে ট্রাম্প আরও বলেন, “এখন শুনছি, শুধু একটি রকেট ছোড়ার কারণে নাকি ইসরায়েল মনে করেছে চুক্তি ভেঙেছে। আর তাতেই তারা পাল্টা আক্রমণে গেছে। অথচ এই রকেট কোথাও পড়েইনি। কিন্তু বারবার বলছি আমরা এটা চাই না। আর বলেছি, ইসরায়েল—এ নিয়ে আমি মোটেই খুশি না।”
এছাড়াও ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক হুঁশিয়ারি বার্তা দেন, যেখানে তিনি ইসরায়েলকে তাদের যুদ্ধবিমান ফিরিয়ে নিতে বলেন।
এর আগে ইসরায়েল ঘোষণা করেছিল, তারা তেহরানের বুকে শক্তিশালী হামলা চালাবে।