নেপালে বন্যায় মৃত বেড়ে ৬১৬, নিখোঁজ ২৫০০

কয়েকটি এলাকার বাসিন্দা ও যাত্রীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উদ্ধারকারী দল আরও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১০:৫৯ এএম

নেপালের তিব্বত সীমান্তসংলগ্ন হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে। আর নিখোঁজ রয়েছেন প্রায় আড়াই হাজার মানুষ।

শনিবার (২৯ আগস্ট) পুলিশের বরাত দিয়ে কাঠমান্ডু পোস্ট লিখেছে, এদিন সকাল ৬টা পর্যন্ত চিতওয়ানে ২৩৩টি, পূর্ব নওয়ালপরাসিতে ১৫৮টি, গোর্খায় ৪৮টি, পশ্চিম নওয়ালপরাসিতে ৪৭টি, ধাদিংয়ে ৪৫টি, নুয়াকোটে ৪১টি, তানাহুনে ৩১টি এবং রসুয়ায় ১৩টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, সেদেশে ১ হাজার ৯২৪ জন নিখোঁজ রয়েছে। আর চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, তিব্বতে মোট নিখোঁজের সংখ্যা এখন ৫৫৪। এখন পর্যন্ত সেখানে সাতজনের মৃত্যুর খবর নিশ্চিতভাবে জানা গেছে।

ফলে মোট নিখোঁজ দাঁড়িয়েছে ২ হাজার ৪৭৮ জনে। নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল শুক্রবার জানায়, ৫১৭ জন বিদেশি এখনো নিখোঁজ রয়েছেন। আর চীনা কর্মকর্তারা শুক্রবার নিখোঁজ বিদেশির সংখ্যা ২৬০ বলে উল্লেখ করেছেন। সব মিলিয়ে এই অঞ্চলে নিখোঁজ বিদেশিদের মোট সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭৭৭-এ।

নেপাল পর্যটন বোর্ড শুক্রবার জানায়, ৬২২ পর্যটক এখনো যোগাযোগের বাইরে রয়েছে। তাদের মধ্যে ৪৭৩ জন বিদেশি। পর্যটন বোর্ড আরও জানায়, ১২১ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। তবে ওই অঞ্চলের বাসিন্দা এবং বিদেশি কর্মীসহ মোট কতজনকে উদ্ধার করা হয়েছে তা স্পষ্ট নয়।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা গতকাল শুক্রবার জানায়, বন্যা ও ভূমিধসে অন্তত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে চীন শনিবার ভোরে সাতজনের মৃত্যুর কথা জানিয়েছে। সব মিলিয়ে মৃত অন্তত ৫৮৬ জন।

নেপাল পর্যটন বোর্ডের শুক্রবারের নতুন পরিসংখ্যান অনুযায়ী, তাদের তালিকাভুক্ত ৬২২ নিখোঁজ ব্যক্তির মধ্যে ১৪৯ জন নেপালি পর্যটক ছিলেন। তবে নেপাল দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার হিসাবে এই সংখ্যা ১২৭।

কাঠমান্ডু পোস্ট লিখেছে, কয়েকটি এলাকার বাসিন্দা ও যাত্রীরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। উদ্ধারকারী দল আরও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো চেষ্টা করছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত