গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অভিযানে ইসরায়েলের ৫ সেনা নিহত হয়েছেন। এতে ঘটনায় আহত হন আরও ১৫ সেনা। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
স্থানীয় গণমাধ্যম জানায়, গাজার উত্তরে জাবালিয়ায় তিন ইসরায়েলি সেনা নিহত হওয়ার দাবি করেছে আল-কাসসাম ব্রিগেড। এদিকে আল-কুদস ব্রিগেড মধ্য খান ইউনিসে একটি শক্তিশালী বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি সামরিক যান ধ্বংস করার ঘোষণা দিয়েছে।
সংবাদমাধ্যম প্যালিস্টিন ক্রনিকেলের প্রতিবেদনে বলা হয়েছে, আল-কাসসাম ব্রিগেড বলেছে যে তাদের যোদ্ধারা দক্ষিণ খান ইউনিসে একটি বাড়ির ভিতরে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে জটিল অভিযান চালিয়েছে। একটি ‘ইয়াসিন-১০৫’ রকেট এবং একটি আরপিজি নিক্ষেপ করেছে তারা, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাত পর্যন্ত পরিস্থিতি বেশ উত্তেজনায় কাটে। ইসরায়েলি বাহিনী এখনও হামলার স্থানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টা করছে।