ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চান না ট্রাম্প

সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে তিনি ইরানের বর্তমান শাসনব্যবস্থার উদ্দেশে কটাক্ষ করলেও, অন্যদিকে সরাসরি জানিয়েছেন—তিনি দেশটিতে সরকার পরিবর্তনের পক্ষে নন।

গত সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘শাসন পরিবর্তন’ শব্দটি রাজনৈতিকভাবে হয়তো শোভন নয়, তবে যদি বর্তমান ইরানি সরকার ইরানকে আবার মহান করতে ব্যর্থ হয়, তাহলে সেই পরিবর্তন অনিবার্য নয় কি?

এই বক্তব্যের শেষে তিনি লেখেন “MIGA!!!”—যা তাঁর প্রচলিত নির্বাচনী স্লোগান “Make America Great Again” (MAGA)-এর অনুকরণে “Make Iran Great Again”-এর সংকেত বহন করে।

তবে ঠিক পরদিন গতকাল মঙ্গলবার নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনে অংশ নিতে যাওয়ার সময় প্রেসিডেন্ট বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এই অবস্থান থেকে কিছুটা সরে আসেন। তিনি বলেন, “আমি ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন চাই না। হয়তো অতীতে এমন চিন্তা ছিল, কিন্তু এখন আমি চাই সবকিছু যত দ্রুত সম্ভব শান্ত হোক।”

তিনি আরও বলেন, “কোনো দেশের সরকারের পরিবর্তন মানেই বিশৃঙ্খলা—আর আমি তা দেখতে চাই না।”

ট্রাম্পের পরস্পরবিরোধী এ বক্তব্য নিয়ে কূটনৈতিক অঙ্গনে নানা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। কেউ বলছেন, ট্রাম্প একদিকে ইরানের ওপর চাপ বাড়াতে চাচ্ছেন, আবার অন্যদিকে সরাসরি হস্তক্ষেপ থেকে দূরে থাকতে চাইছেন। বিশেষজ্ঞদের মতে, এটি ট্রাম্পের বহু পুরনো কৌশল—প্রথমে আক্রমণাত্মক বার্তা দেওয়া, পরে কিছুটা নরম হয়ে ওঠা।

উল্লেখ্য, গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের কয়েকটি গোপন পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়। এরপর থেকেই ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন করে উত্তেজনায় মোড় নেয়। ট্রাম্পের এই সদ্য ঘোষিত ‘শান্তি কামনা’ সেই উত্তেজনা প্রশমনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।