সান্তোসে আরও ৬ মাস থাকছেন নেইমার, চুক্তিতে বড়ো পরিবর্তন

ইউরোপে ফেরার গুঞ্জনকে থামিয়ে নিজের শেকড়েই থেকে গেলেন নেইমার। ছয় মাসের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড শৈশবের ক্লাব সান্তোসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন আরও ছয় মাসের জন্য। চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত সান্তোসেই থাকছেন ব্রাজিলিয়ান মহাতারকা।

এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে নেইমার চাইছেন সান্তোসকে আবার আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে। যদিও এই চুক্তিতে বলা হয়নি যে তিনি ২০২৬ সাল পর্যন্তই থাকবেন। তবে ক্লাব কিছু শর্ত যোগ করেছে, যাতে সময় এলে চাইলে চুক্তি আবার বাড়ানো যায়—তাতে খেলোয়াড় ও ক্লাব দুই পক্ষেরই সুবিধা হবে।

তুন চুক্তির সবচেয়ে বড় পরিবর্তন হলো নেইমারের ইমেজ রাইটস (বাণিজ্যিক স্বত্ব) নিয়ে আগের চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। আগে যেন এনআর স্পোর্টস  নামে একটি কোম্পানি নেইমারের ছবির স্বত্ব এবং বিজ্ঞাপন ব্যবস্থাপনা করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে সান্তোস। আগে নেইমার প্রতি মাসে ক্লাব থেকে ৫.৪৩ লাখ ডলার বেতন পেতেন, আর এনআর স্পোর্টস  আলাদা আয় করত বিজ্ঞাপন থেকে। সেই লাভ ভাগাভাগি হতো—৭৫% কোম্পানির, ২৫% ক্লাবের।

তবে এই চুক্তি বন্ধ হওয়ার পেছনে কারণ আছে। একটি গোপন নথি সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়, যেটা এনআর স্পোর্টস  মনে করে সান্তোস ক্লাবের বোর্ডের কেউ করেছে। তাই তারা সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেয়।

এদিকে মাঠের খেলায় নেইমারের ফর্ম ভালো যাচ্ছে না। চলতি মৌসুমে তিনি ১২টি ম্যাচ খেলে মাত্র ৩টি গোল করেছেন। সবশেষ ম্যাচে বোটাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করে লাল কার্ড পান!

বিশ্বকাপ সামনে, তাই এখন সবাই ভাবছে নেইমার আবার জাতীয় দলে ফিরতে পারবেন কি না। ব্রাজিল দলের কোচ এখন কার্লো আনচেলত্তি। নেইমার যদি আবার ফর্মে ফিরতে পারেন, তাহলে দলে ফেরার সুযোগ অবশ্যই থাকবে। তবে সেটা সম্ভব হবে যদি তিনি মাঠের খেলার প্রতি আরও মনোযোগী হন এবং ব্যক্তিগত জীবনের আলোচনা থেকে দূরে থাকেন।